দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে তাদের ভয় পাচ্ছে না ফ্রান্স, তবে প্রতিপক্ষের সামর্থ্য ও শক্তিমত্তাকে যথেষ্ট সম্মান করছে বলে জানিয়েছেন ফরাসি ফুটবলাররা।
রোববার এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে বলেন, ‘কাউকেই ভয় পাওয়ার সুযোগ নেই। আমরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুতি নেব এবং আশা করব শেষ পর্যন্ত ফল আমাদের পক্ষে যাবে।’
সেমিফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এবারের বিশ্বকাপে স্পেন এখন পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। পুরো টুর্নামেন্টে তারা মাত্র একটি গোল হজম করে শেষ চারে জায়গা করে নিয়েছে এবং দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
কোনাতে বলেন, ‘স্পেন অসাধারণ একটি দল। তাদের অনেক ব্যক্তিগত দক্ষতাসম্পন্ন খেলোয়াড় রয়েছে। তাই আমরা শুধু একজন খেলোয়াড়কে ঘিরে পরিকল্পনা করব না, যদিও লামিনে ইয়ামাল একজন দুর্দান্ত খেলোয়াড়।’
ইউরো ২০২৪-এর সেমিফাইনাল এবং গত বছরের উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালেও স্পেনের কাছে হেরেছিল ফ্রান্স। তাই প্রতিপক্ষ সম্পর্কে ভালো ধারণা রয়েছে ফরাসিদের।
ফ্রান্সের আরেক ডিফেন্ডার ম্যাক্সেন্স লাক্রোয়া বলেন, ‘আমি এটাকে ভয় বলব না, তবে আমরা তাদের সামর্থ্য সম্পর্কে সচেতন। তারা সব ম্যাচ জিতেছে (গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র ছাড়া)। আমরা তাদের সম্মান করি, তবে আমাদের লক্ষ্য জয়।’
স্পেনের আক্রমণভাগের অন্যতম বড় শক্তি লামিনে ইয়ামালকে নিয়েও সতর্ক ফ্রান্স। চলতি বিশ্বকাপে ইয়ামালের গতিময় আক্রমণ প্রতিপক্ষের রক্ষণভাগে বড় চাপ তৈরি করেছে।
লাক্রোয়া বলেন, ‘আমরা সেরা উপায়ে রক্ষণ সামলানোর চেষ্টা করব। লামিনে খুব ভালো খেলোয়াড় এবং সে দেখিয়েছে, এই বিশ্বকাপে দলগুলোকে সমস্যায় ফেলতে পারে। তাকে আটকাতে আমাদের প্রয়োজনীয় কাজ করতে হবে।’
২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স এবার পঞ্চমবারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে। অন্যদিকে স্পেন দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্ন নিয়ে লড়াই করছে।
সূত্র: রয়টার্স
/অ